যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোর জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক ঢাকায় পৌঁছেছে। বুধবার থেকেই তারা দলে দলে রাজধানীর পথে যাত্রা শুরু করেন।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, জেলার প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে ৫০০ জন করে নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। যশোর জেলার ৮টি উপজেলায় মোট ৯৩টি ইউনিয়ন এবং ৮টি পৌরসভা রয়েছে। সব মিলিয়ে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক রাজধানীতে উপস্থিত হবেন বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে ফেরা আমাদের জন্য আবেগ ও আন্দোলনের একটি বড় উপলক্ষ। যশোর জেলা বিএনপি ঐতিহাসিক এই মুহূর্তে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে।”
দলীয় সূত্রে জানা গেছে, যশোর জেলার প্রায় সব বাস ভাড়া করা হয়েছে। এর পাশাপাশি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মাইক্রোবাস, প্রাইভেট কার এবং মোটরসাইকেলেও অনেক নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
বিএনপির নেতারা জানান, যাত্রাপথে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য দলীয়ভাবে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকায় পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন যশোর থেকে আগত নেতাকর্মীরা।
দলীয় নেতাদের মতে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে একটি নতুন গতি সঞ্চার করবে এবং এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারই প্রমাণ।


