বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা, বৃহস্পতিবার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন আওয়ামীপন্থী শিক্ষককে কেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না—এ মর্মে কারণ দর্শানোর (শোকজ) সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
শোকজের সিদ্ধান্তপ্রাপ্ত শিক্ষকরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। তিনি জানান, অভিযুক্ত চার শিক্ষককে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জবাব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয় সিনেটের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান প্রক্টর।
উল্লেখ্য, শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের দাবিতে গত ২১ ডিসেম্বর উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। বিক্ষোভ শেষে তারা উপ-উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশার কাছে একটি স্মারকলিপি জমা দেন।
শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার মধ্যে রয়েছে—শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার ও সুলতানা কামাল হোস্টেল।
বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ করার প্রস্তাব দেন।
এছাড়াও জুলাই অভ্যুত্থানের বিরোধিতাকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান ডাকসু নেতারা। এসব দাবির পরিপ্রেক্ষিতেই সাম্প্রতিক সিন্ডিকেট সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


