কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। বুধবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মুন্না ওরফে রগ কাটা মুন্না (৩২), মো. আল আমিন (৩০) এবং মো. আলাল (২০)। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ (ওসি) সফিকুর ইসলাম সুমন।
ওসি সফিকুর ইসলাম সুমন জানান, ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) এস. এম. এনামুল হকের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি রামদা, একটি সুইচ গিয়ার চাকু ও একটি কেচি উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত মুন্না ওরফে রগ কাটা মুন্নার বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


