নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের দুই কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার সাজেদুর রহমানকে সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।


