নিজস্ব প্রতিবেদক

এক বছর আগে ঘোষিত ন্যূনতম মজুরি এখনো অধিকাংশ ট্যানারিশিল্পে বাস্তবায়ন করা হয়নি—এ অভিযোগ করেছে খাতটির শ্রমিক সংগঠন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। একই সঙ্গে কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শ্রমিক ছাঁটাই এবং ছাঁটাইয়ের পর প্রাপ্য পাওনা পরিশোধ না করার ঘটনাও বাড়ছে বলে সংগঠনটির দাবি।
আজ মঙ্গলবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ সেমিনার হলে ‘ট্যানারিশিল্পে ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও সংকট’ শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবদুল মালেক, শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং সলিডারিটি সেন্টার বাংলাদেশের কর্মসূচি পরিচালক এ কে এম নাসিম। স্বাগত বক্তব্য দেন আবদুল মালেক।
নেতারা বলেন, ন্যূনতম মজুরি বাস্তবায়নে উদ্যোক্তা মালিকদের উদাসীনতা উদ্বেগজনক। শ্রমিকরা বৈধ পাওনা ও কর্মসংস্থানের নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। অবস্থা চলতে থাকলে ট্যানারি খাত গভীর সংকটে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
সংগঠনটি দ্রুত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, আইনসম্মত প্রক্রিয়া ছাড়া শ্রমিক ছাঁটাই বন্ধ এবং বকেয়া পরিশোধে সরকারি হস্তক্ষেপের দাবি জানায়।


