অনলাইন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (আজ) বেলা ১১টায় রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকায় অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই সভা শুরু হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা, ক্ষতি ও বর্তমান সংকটের কথা তুলে ধরেন। বিএনপি নেতৃত্ব তাদের বক্তব্য শোনেন এবং ভবিষ্যতে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, বিচার ও স্বীকৃতি নিশ্চিত করার বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।
এর আগে শনিবার (গতকাল) বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে পৃথক একটি মতবিনিময় সভায় অংশ নেন। রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানের আয়োজন করে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’।
পরপর দুটি মতবিনিময় সভার মাধ্যমে রাজনৈতিক সহিংসতা ও নিপীড়নের শিকার পরিবারগুলোর অভিজ্ঞতা শোনা, তাদের দাবি-দাওয়া তুলে ধরা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে এসব বিষয়কে গুরুত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। দলটি বলছে, এসব পরিবার রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতীক এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


