অনলাইন ডেস্ক

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করেছে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি জানান, শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতী উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় সুনসান পরিবেশ লক্ষ্য করা গেছে। রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম এবং উপজেলা সদর বাজারের অধিকাংশ দোকানপাট খোলা হয়নি।
জামায়াত নেতা নিহতের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা দেখা দিয়েছে। বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল একে অপরের বিরুদ্ধে ঘটনার দায় চাপাচ্ছেন।
উল্লেখ্য, বুধবার শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) সংসদীয় আসনের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইগাতীতে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় মাওলানা রেজাউল করিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
শেরপুরের পুলিশ সুপার কামরুল ইসলাম বৃহস্পতিবার বলেন, “গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।”


