বেনাপোল প্রতিনিধি

বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শা আসনের বিএনপি–মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেন, এ দেশের মানুষের কাছে ভোট চাওয়ার নৈতিক অধিকার জামায়াতে ইসলামের নেই। তিনি অভিযোগ করেন, দেশের স্বাধীনতা অর্জনের নেপথ্যে যাদের কোনো ভূমিকা ছিল না, বরং যারা একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে কলঙ্কিত, তারা আবারও জনগণকে বিভ্রান্ত করে ভোট চাইতে মাঠে নেমেছে।
শার্শায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তৃপ্তি বলেন, “একাত্তরে মানুষ হত্যা ও মা–বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত লাল–সবুজের পতাকার বাংলাদেশকে আবারও খামচে ধরেছে জামায়াত। জনগণকে বোকা বানিয়ে দেশ গড়ার কথা বলছে, যা সম্পূর্ণ প্রতারণা।”
তিনি আরও দাবি করেন, জামায়াত একটি “মোনাফেক ও প্রতারক রাজনৈতিক শক্তি” যারা অতীতে বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এ প্রসঙ্গে তিনি ১৯৮৬ সালের ঘটনাকে উল্লেখ করে বলেন, “রাতে আঁধারে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করেছিল জামায়াত।”
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তৃপ্তি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, আর সেই সময়ে একটি দল ধর্মের নামে রাজনীতি করে নিরীহ মুসলমানদের ধোঁকা দিচ্ছে। তার অভিযোগ, জামায়াত মুখে ইসলামিক মূল্যবোধের কথা বললেও রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের “পুনর্বাসনের” চেষ্টা করছে, যা তাদের দ্বিচারিতা প্রকাশ করে।
তিনি জনগণকে সতর্ক করে বলেন, “এদের প্রতারণা থেকে দূরে থাকতে হবে। দেশবিরোধী এবং বিশ্বাসঘাতক শক্তিকে আর সুযোগ দেওয়া যাবে না।”
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


