অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান বলেছেন, “জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহই পাবেন।” শুক্রবার বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, রাজনৈতিক জীবনে বিভিন্ন বাধা–বিপত্তির মধ্য দিয়ে এগিয়ে আসতে হওয়ায় এলাকায় তাকে ‘ফজা পাগলা’ নামে আখ্যায়িত করা হয়। এ নিয়ে তিনি বলেন, “আমি নিজের জন্য ‘ফজা পাগলা’ টাইটেল পাইনি। যাদের কারণে এই টাইটেল জুটেছে, তারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত।”
তিনি আরও প্রশ্ন রাখেন, “যারা আমাকে এই টাইটেল দিয়েছে তাদেরকে যদি ভোট দেন, তাহলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? দিবেন?”—এ সময় কর্মীদের ‘না’ ধ্বনি শোনা যায়।
তিনি আরও জানান, কালকেও আমাকে অত্যন্ত ১০০ বকা দেওয়া হয়েছে। কি বকা দেয় বুঝবেন না আপনারা। কি বকা দেয় সহ্য করা যায় না। আমার অপরাধ কি? আমিতো জামায়াতে ইসলাম, মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই। তারা যখন ৫ আগস্ট এরপরে বলতে শুরু করলো ৪৭ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর ২৪ সনে শেষ মুক্তিযুদ্ধ হইছে। একাত্তর সনে একটা গন্ডগোল হইছিল। এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগাইয়া দিসিলো একাত্তর সনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। তিন দিন আমি অপেক্ষা করলাম, আমার নাম ফজলুর রহমান। আমি সাধারণ মানুষের ছেলে। কিন্তু যারা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা। কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না।
কর্মী সম্মেলনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


