ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন কৃতী দুই জাতীয় নেতা— কে এম ওবায়দুর রহমান ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তাদের রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখতে এখন সক্রিয় হয়েছেন তাদের কন্যারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন দুই নেতা-কন্যা।
ফরিদপুর জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে তাদের বিজয়কে ইতিবাচকভাবেই দেখছেন স্থানীয় জনগণ।
শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ফরিদপুর-২ আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত।
তিনি বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এটি তার দ্বিতীয় সংসদ নির্বাচন এবং এবার তিনি বিজয়ী হয়ে বাবার রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখার অঙ্গীকার করেছেন। তিনি জানিয়েছেন, আসনের সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান।
কামাল ইউসুফ কন্যা নায়াব ইউসুফের অভিষেক জয়
ফরিদপুর সদর আসন থেকে প্রথমবার নির্বাচন করেই বিজয় অর্জন করেছেন চৌধুরী নায়াব ইউসুফ। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
এই আসনটি দীর্ঘদিন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে ২০০৮ সালে এটি দখলে নেয় বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘ সময় পর আসনটি পুনরুদ্ধার করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
ফরিদপুরের রাজনীতিতে নতুন প্রত্যাশা
ধারণা করা হচ্ছে, ফরিদপুর অঞ্চলের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই দুই তরুণ নেতা। স্থানীয় জনগণ আশা করছেন, তারা তাদের বাবাদের অর্জিত সম্মান ও রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি দেশের উন্নয়নেও ভূমিকা রাখবেন।


