নিজস্ব প্রতিবেদক, খুলনা

জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাঁর দাবি, একপক্ষে রয়েছে ‘৭২–এর বাকশালপন্থী’ শক্তি, আরেকপক্ষে ‘২০২৪ সালের বিপ্লবপন্থী’ জনগোষ্ঠী।
সোমবার বিকালে খুলনা মহানগরীর ঐতিহাসিক বাবরী চত্বরে (শিববাড়ী মোড়) জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আটটি দলের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “রক্তের সাগর পেরিয়ে ২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে যেই ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদ আর বাংলার মাটিতে ফিরে আসবে না।”
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য সব রাজনৈতিক পক্ষ ঐক্যবদ্ধ হয়েছিল। এখন এই সনদকে পূর্ণ আইনি রূপ দিতে গণভোট আয়োজন করা অপরিহার্য।
তিনি অভিযোগ করে বলেন, “একসঙ্গে তালগোল পাকিয়ে এই মাহাত্ম্যকে নষ্ট করা যাবে না। জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে।”
সমাবেশে অংশ নেওয়া ৮ দলের নেতারা জুলাই বিপ্লবে নিহতদের স্মরণ করেন এবং রাজনৈতিক সংস্কার ও গণভোট বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান পুনর্ব্যক্ত করেন।


