জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনের শেষ দিনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া, প্রাথমিকভাবে বাদ যাওয়া ৪২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের প্রার্থীতার বিষয়ে আজ (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। অপর ৩৪ পদে ১৮১ প্রার্থীর তালিকা চূড়ান্ত হয়েছে।
রবিবার রাতে বাংলাদেশ প্রতিদিনকে তথ্য নিশ্চিত করেছেন জকসু’র প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান। তিনি জানান, ১১ ডিসেম্বর ১৮৯ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে ৪২ জন প্রার্থী বাদ পড়ে; তাদের মধ্যে ২ জনের ডোপ টেস্ট পজিটিভ এসেছে, এবং বাকি ৪০ জন বিভিন্ন অভিযোগের কারণে বা ডোপ টেস্টে অংশ না নেওয়ায় তালিকায় স্থান পায়নি।
নির্বাচক কমিশনার আরও জানিয়েছেন, ডোপ টেস্টে একজনের ফলাফল নেগেটিভ হলেও ভুলক্রমে পজিটিভ দেখানো হয়েছে। অন্য একজনের শারীরিক অসুস্থতার কারণে পজিটিভ ফলাফল এসেছে। এছাড়া ৭ জন প্রার্থীর বিরুদ্ধে ছাত্রলীগ কমিটিতে পদধারীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়গুলো নিয়ে গঠিত ট্রাইব্যুনাল আজ ৯ জন প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
এছাড়া রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে যে, ভিপি পদপ্রার্থী তাওসিন ইসলাম ও মিঠুন চন্দ্র রায়, জিএস পদপ্রার্থী মেহেদী হাসান শুভ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী মো. রিয়াদ সরকার ও উজ্জ্বল চন্দ্র রায়, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী আসিফ হোসেন, এবং নির্বাহী সদস্য পদপ্রার্থী মো. আশরাফুল ইসলাম ও আবুবকর সম্পদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এর আগে ১৭ ও ১৮ নভেম্বর ৩৪ পদের বিপরীতে ২৪৯ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ২৪ নভেম্বর প্রাথমিক তালিকায় ২৩১ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়। ৪ ডিসেম্বর সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৯ ও ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট সম্পন্ন হয়। ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, যেখানে ২১ পদে ১৫৬ জন এবং হল শিক্ষার্থী সংসদে ১৩ পদের বিপরীতে ৩৩ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ১৫ ডিসেম্বর রাত ১২টা থেকে আগামী ২৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত প্রচারণা চলবে। ভোটগ্রহণ ও ভোটগণনা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর, এবং ফলাফল প্রকাশ করা হবে ৩০ বা ৩১ ডিসেম্বর।


