জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ছয়টি বিভাগের (কেন্দ্র) ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার (সকাল ৯টা) এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫৮৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ ৫৭৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। একই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা ৫৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৪৩২ ভোট।
নির্বাচন কমিশন জানিয়েছে, অন্যান্য বিভাগের ফলাফল গণনা প্রক্রিয়াধীন রয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে।
এর আগে মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে গণনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর পুনরায় ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।


