চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (আজ) বিকেল থেকে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এসব গায়েবানা জানাজা সম্পন্ন হয়।
বিকেল ৩টায় সদর উপজেলার বারঘরিয়া সরকারি গোরস্থান মাঠে প্রথম গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এরপর পর্যায়ক্রমে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ, মহিপুর কলেজ মাঠ, ঝিলিম ইউনিয়নের আমনুরা ফুটবল মাঠ, মহারাজপুর উচ্চ বিদ্যালয় মাঠ, কৃষ্ণগোবিন্দপুর হাই স্কুল মাঠ, ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি মাঠ, দেবীনগর উচ্চ বিদ্যালয় মাঠ, অনুপনগর ইউনিয়ন কাউন্সিল প্রাঙ্গণ, নরেন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ, সুন্দরপুর আব্দুস সামাদ কলেজ মাঠ এবং আলাতুলী রানীনগর দাখিল মাদ্রাসা মাঠে গায়েবানা জানাজার নামাজ আদায় করা হয়।
জানাজা শেষে বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। একই সঙ্গে দেশ ও জাতির জন্য তার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং শান্তিপূর্ণ পরিবেশে গায়েবানা জানাজা সম্পন্ন হয়।


