অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশ নেন। নারী শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে তাদের নিজ নিজ হলে ইফতার পৌঁছে দেওয়া হয়।
শাখা ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চবি শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন, সেক্রেটারি প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী এবং ছাত্রছাত্রী নির্দেশনা ও পরামর্শকেন্দ্রের পরিচালক ড. আনোয়ার হোসেন।
শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহর নিকট সাহায্য কামনা করছি, যেন আমরা এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি।”
ইফতার আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে শাখা ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান বলেন, “আমরা সব সময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। আজকের আয়োজনেও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। ভবিষ্যতেও এই ধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখব।”
প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের জন্য এমন মহৎ আয়োজন করায় চবি শাখা ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে ছাত্রদল শিক্ষার্থীদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে। আমি সব সময় এ ধরনের আয়োজনের পাশে থাকব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সহসভাপতি আহসান হাবীবসহ অন্যান্য শাখা নেতৃবৃন্দ।
এ আয়োজনের মাধ্যমে চবি ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি রমজান মাসে সামাজিক সংহতি ও সমবায়ের মনোভাব প্রচারের একটি উদ্যোগ হিসেবে এই ইফতারকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


