অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে রবিবার বেলা ১২টা ১৪ মিনিটে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের নির্বাচনি মহাসমাবেশ শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে মঞ্চে ওঠার মুহূর্তে করতালিতে পুরো সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে। হাস্যজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।
এটি তারেকের নির্বাচনি প্রচারের দ্বিতীয় পর্ব; গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন তিনি। ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান, তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। তবে পলোগ্রাউন্ড মাঠে এটি তার প্রথম সমাবেশ। এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি তার মা, বেগম খালেদা জিয়া এই মাঠে জনসভা করেছিলেন।
জনসভা ঘিরে ভোর থেকে চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড, উপজেলা, কক্সবাজার ও পার্বত্য জেলা থেকে ব্যানার, ফেস্টুন ও রঙিন পোশাকের মিছিল নিয়ে মানুষ সমাবেশস্থলে পৌঁছাতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ পূর্ণ হয়ে যায়। সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের সংসদীয় আসনের বিএনপির প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
এর আগে তারেক রহমান র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শিরোনামে আয়োজনকৃত আলোচনায় অংশ নেন। চট্টগ্রাম ও আশেপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০-এর বেশি শিক্ষার্থী তার সঙ্গে প্রশ্নোত্তর করেন।
যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসনের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার দিন তিনি বক্তব্যে জানান, “আই হ্যাভ আ প্ল্যান।” চট্টগ্রামের সমাবেশে বিএনপির নেতারা আশা করছেন, তিনি স্থানীয় মানুষদের সেই ‘প্ল্যান’ উপস্থাপন করবেন।
চট্টগ্রাম সমাবেশের পর তারেক রহমান বিকাল ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোয়াগাজী ডিগবাজির মাঠে এবং সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে বক্তব্য দেবেন। রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে তিনি নির্বাচনি সমাবেশের মাধ্যমে দিনশেষ করবেন।


