অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর ফাইনালে দাপুটে জয় তুলে নিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রাজশাহী।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। ওপেনার তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহানের জুটিতে আসে ৮৩ রান। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হন।
এরপর কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে তানজিদ গড়েন ৪৭ রানের জুটি। ১৫ বলে ২৪ রান করে উইলিয়ামসন আউট হন শরিফুল ইসলামের বলে। অন্যপ্রান্তে অবিচল ছিলেন তানজিদ।
ব্যক্তিগত ফিফটি ছোঁয়ার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন এই বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত ৬২ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ছয়টি চার ও সাতটি ছয়। এটি এবারের বিপিএলে তার চতুর্থ সেঞ্চুরি এবং বিপিএল ফাইনালের ইতিহাসে তৃতীয় সেঞ্চুরি। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।
রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ১৭৪ রান। নাজমুল হোসেন শান্ত করেন ১১ রান, আর জিমি নিশাম ৭ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। দলীয় ১৮ রানের মধ্যেই দুই ওপেনার সাজঘরে ফেরেন। মোহাম্মদ নাঈম শেখ ১০ বলে ৯ রান করেন, আর মাহমুদুল হাসান জয় খাতা খুলতেই ব্যর্থ হন।
হাসান নেওয়াজ ৭ বলে ১১ রান করলেও চাপ কাটাতে পারেননি। চতুর্থ উইকেটে জাহিদুজ্জামান ও মির্জা বেগ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ধীরগতির ব্যাটিংয়ের কারণে ম্যাচ দ্রুতই চট্টগ্রামের নাগালের বাইরে চলে যায়। জাহিদুজ্জামান ১৩ বলে ১১ রান করে আউট হন, আর মির্জা বেগ করেন ৩৬ বলে ৩৯ রান।
শেষ পর্যন্ত চট্টগ্রামের ইনিংস থামে ১১১ রানে। ফলে ৬৩ রানের বড় জয়ে শিরোপা নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স।
এর মাধ্যমে রাজশাহী তাদের দ্বিতীয় বিপিএল শিরোপা জিতে নিল। এর আগে ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
উল্লেখ্য, বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবার শিরোপা জিতেছে ঢাকা। রাজশাহীর মতো দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল, আর একবার শিরোপা জিতেছে রংপুর রাইডার্স।


