অনলাইন ডেস্ক

রাজধানীর গুলশানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। তিনি জানান, হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা সবাই ব্যবসায়ী। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।
গ্রেফতার ব্যক্তিদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি আরও জানান, ঘটনার আগে অভিযুক্তরা একটি ক্লাব থেকে বের হয়েছিল। পরে গাড়ির ধাক্কাকে কেন্দ্র করে তাদের সঙ্গে এডিসি মাহফুজ্জামানের কথা-কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় এডিসি মাহফুজ্জামান সরকার সিভিল পোশাকে ছিলেন।
এর আগে, গত বুধবার দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্প এলাকার একটি ব্রিজের ওপর হামলার শিকার হন তিনি। ডিউটি শেষে বাসায় ফেরার পথে কয়েকজনের সঙ্গে গাড়ি সংক্রান্ত বিষয়ে তার বাকবিতণ্ডা হয়। পরে ওই ব্যক্তিরা অতর্কিত হামলা চালায়।
হামলার পর আহত অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসা নেন।
এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।


