নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে গণসংযোগ চলাকালে জামায়াতে ইসলামীর এক নারী নেত্রীকে রামদা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি। তিনি জামায়াতের রুকন ও একজন মহিলা নেত্রী।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত কাজী মারিয়া ইসলাম বেবি জানান, ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের পক্ষে গণসংযোগের অংশ হিসেবে তারা কদমতলী এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের প্রচারণায় বাধা দেন এবং প্রার্থীকে চেনেন না বলে নানা মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তিনি আরও জানান, প্রচারণাকালে একটি সরু গলির ভেতরে প্রবেশ করলে হঠাৎ অজ্ঞাত একজন ব্যক্তি তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। হামলাকারীকে তিনি শনাক্ত করতে পারেননি।
ঘটনার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জামায়াতে ইসলামীর কদমতলী থানা শাখা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাত সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান গণমাধ্যমকে জানান, জামায়াতের একজন নারী কর্মী আহত হওয়ার বিষয়টি তারা অবগত হয়েছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


