অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সামগ্রিক উন্নতির জন্য রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন অপরিহার্য এবং গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই।
রবিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) সাংবাদিকদের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতন্ত্রের অগ্রগতির প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাতীয় স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন অত্যাবশ্যক।
আমীর খসরু বলেন, বিএনপি সবার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে বলেই রাজনৈতিক সহনশীলতার চর্চা অব্যাহত রেখেছে এবং দলটি কোনোভাবেই সাংঘর্ষিক রাজনীতিকে উৎসাহিত করে না।
তিনি বলেন, আমাদের সহনশীল হতে হবে। গণতন্ত্র থেকে সরে যাওয়ার সুযোগ নেই। মবক্রেসি চলছে, অনেকে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে। বিএনপি কোনো দাবি নিয়ে রাস্তায় নামছে না। বিএনপি সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছে না। এটিই বিএনপির আগামী দিনের রাজনীতি।
বিএনপির সহনশীল রাজনীতির অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, স্থিতিশীলতার স্বার্থে সহনশীল রাজনীতি করতে হবে।
এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির ঘোষণা হোমওয়ার্ক করেই দেওয়া হয়েছে। তার ভাষায়, সবার আকাঙ্ক্ষা আকাশচুম্বী। ডে ওয়ান থেকে পারফর্ম করতে হবে। বিএনপি প্রস্তুতি নিচ্ছে। এক কোটি মানুষকে চাকরি কীভাবে দেব, হোমওয়ার্ক করেই বলেছি।
আলোচনা সভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তারা দলীয় নীতিমালা ও দেশের উন্নয়ন কৌশল নিয়ে মতবিনিময় করেন।


