জবি প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। একইসঙ্গে মরহুমার স্মরণে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং পূর্বনির্ধারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে। এছাড়া ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত টানা তিনদিন বিশ্ববিদ্যালয়ের সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
সরকার ঘোষিত সাধারণ ছুটির প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ১ জানুয়ারি সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হলেও প্রশাসনিক দপ্তরসমূহ খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মরহুমার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থার আয়োজন করা হয়েছে। আগামী ২ জানুয়ারি শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া পরবর্তী সময়ে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে একটি বৃহৎ আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


