
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ সোমবার দুপুরে অভিযোগ দুটি দায়ের করেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন এবং কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ।
অভিযোগে বলা হয়েছে, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী কিছুদিন ধরে জাতীয় ও স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ, বিভ্রান্তিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করছেন। এগুলো ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর আগেও তাঁর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা হয়েছে এবং সেসব মামলায় জেলও খেটেছেন। গত শুক্রবার ইরাদ আহমেদ সিদ্দিকী একই ঘটনা ঘটিয়েছেন। এদিন তাঁর নিজের ফেসবুক আইডি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে আবার অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অভিযোগ সম্পর্কে জানতে ইরাদ আহমেদ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহল বলছে, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এই অভিযোগের সূত্রপাত হতে পারে।


