অনলাইন ডেস্ক

ঢাকা, ২৯ ডিসেম্বর: রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। লাঠিসোঁটা নিয়ে আসা একদল দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ব্যবসায়ীদের পাল্টা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক মাস ধরে নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে একত্র হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শুরুর প্রায় আধা ঘণ্টা পর হঠাৎ একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ব্যবসায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় যুবদলের কয়েকজন নেতা-কর্মী ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। কোনো উসকানি ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
আরেক ব্যবসায়ী জানান, “গত বছরের ৫ আগস্টের অভ্যুত্থানের পর চাঁদাবাজি বন্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে যুবদল পরিচয়ধারী একটি গোষ্ঠী আবার দোকানিদের কাছ থেকে টাকা আদায় শুরু করেছে। এই নির্যাতনের প্রতিবাদেই আজ আমরা রাস্তায় নেমেছি।”
হামলার পর ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে লাঠিসোঁটা হাতে হামলাকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে একটি সংক্ষিপ্ত মিছিল করেন।
তবে স্থানীয় যুবদলের এক নেতা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “কিচেন মার্কেট কমিটিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধ থেকেই এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। একজনকে সরিয়ে অন্যজনের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টায় উত্তেজনা তৈরি হয়।”
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, “চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন চলাকালে ব্যবসায়ীদের ওপর একদল লোক হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”


