কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, কলাপাড়া-রাঙ্গাবালীর উন্নয়নযাত্রার সূচনা করেছিল বিএনপিই। ভবিষ্যতেও বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।
শুক্রবার দুপুর ১২টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০০৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কলাপাড়ায় এসেছিলেন। সে সময় এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়েছিল, তার সবগুলোই বাস্তবায়ন করা হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারও কিছু উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে, কারণ তারা বুঝতে পেরেছিল প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উন্নয়নের বিকল্প নেই। তবে প্রকৃত উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রা শুরু করেছিল বিএনপিই।
এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, দেশে দীর্ঘদিন ধরে দুটি বড় রাজনৈতিক দল ছিল—আওয়ামী লীগ ও বিএনপি। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, কারণ তাদের রাজনৈতিক কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এবং আল্লাহর রহমত থাকলে বিএনপিই রাষ্ট্রক্ষমতায় যাবে। বিএনপি সরকার গঠন করলে এবং জনগণের প্রতিনিধি হিসেবে আপনাদের কেউ সংসদে থাকলে এলাকার উন্নয়ন আরও সহজ হবে। এজন্য তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়ার জ্যেষ্ঠ নাগরিক রাখাইন লুফ্রু মাস্টার। যুব সংগঠক রোকনুজ্জামান পান্নুর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, লুৎফর রহমান তালুকদার, অধ্যাপক ড. কামরুজ্জামান মনির, মো. নজিবর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, ব্যাংকার মো. আব্দুর রব, স্থপতি ইয়াকুব খান, সাংবাদিক মুহিব্বুল্লাহ মহিব, রুমান ইমতিয়াজ তুষার, কাজী সাইদ, জহিরুল ইসলাম মিরন, ব্যবসায়ী দিলীপ কুমার হাওলাদার ও সংগঠক রেজাউল করিম বাবলা প্রমুখ।
এর আগে প্রজেক্টরের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ড নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে কলাপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মী, ঢাকা থেকে আগত অতিথি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনরা উপস্থিত ছিলেন।


