অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মেডিকেল বোর্ড জানায়, হামলায় গুরুতরভাবে আহত শরিফ ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হওয়ার পর তাকে ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়, তার ফুসফুসে আঘাত রয়েছে এবং চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত নির্গত হচ্ছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস (ARDS) প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত থাকবে।
এ ছাড়া কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে বলে জানিয়ে মেডিকেল বোর্ড বলেছে, তা বজায় রাখতে পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে পরিচালনা করা হচ্ছে। পূর্বে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা (ডিআইসি) দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এ অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজনে রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে।
মেডিকেল বোর্ড আরও জানায়, ব্রেন স্টেম ইনজুরির কারণে তার রক্তচাপ ও হৃৎস্পন্দনে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হচ্ছে। হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম প্রস্তুত রয়েছে।
বিবৃতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও সাপোর্ট স্টাফদের মানবিক ও পেশাদার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মেডিকেল বোর্ড স্পষ্ট করে জানায়, বর্তমানে শরিফ ওসমান হাদির সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এ বিষয়ে রোগীর ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। তারা চাইলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে বিষয়টি জানাতে পারবেন।
এদিকে, অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়ে কোনো ধরনের ভিজিটর অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়।
মেডিকেল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে।


