কক্সবাজার প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজার অঞ্চলে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গত এক মাসে ৬১টি যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশন। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অস্ত্র, গোলাবারুদ, মাদক, জাল নোটসহ বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে রামু ১০ পদাতিক ডিভিশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল ফাইয়াজ মোহাম্মদ আকবর।
তিনি বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত টহল ও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মূল লক্ষ্য হচ্ছে সন্ত্রাসী ও অপরাধমূলক তৎপরতা দমন, গুজব ও সহিংসতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করা।
লে. কর্নেল ফাইয়াজ মোহাম্মদ আকবর জানান, ১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারি এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি এবং ৯৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি ড্রোন, একটি ওয়াকিটকি এবং প্রায় ১৩ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬ হাজার ২০১টি ইয়াবা, ৫৪১ লিটার দেশীয় মদ, ২৩ লিটার বিয়ার এবং ৬ কেজি গাঁজা।
তিনি আরও বলেন, যৌথ অভিযানের ফলে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে নিয়মিত টহল ও অভিযান আরও জোরদার করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিবির রামু সেক্টরের মেজর নাজমুস সাকিব, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক এএসপি মো. ফারুক, কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ারসহ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


