নওগাঁ প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে নওগাঁ জেলার ছয়টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সকালে শীতের কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে অনেক ভোটারকে উচ্ছ্বসিত দেখা গেছে।
সকালে বিভিন্ন প্রার্থী নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বিজিবি সদস্যরা কেন্দ্রগুলোতে টহল দিচ্ছেন। পাশাপাশি সন্দেহজনক বস্তু শনাক্তে প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, জেলার ৭৮২টি কেন্দ্রের মধ্যে ৩৬৪টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। জেলায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া সেনাবাহিনী, পাঁচ শতাধিক বিজিবি সদস্য এবং আনসার সদস্যরাও দায়িত্বে রয়েছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফজলে হুদা বাবুল সকালে বদলগাছীর বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে তিনি আশা করছেন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. শফিউল আলম জানান, কেন্দ্রে মোট ৩ হাজার ৩১৬ জন ভোটার রয়েছেন এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
নওগাঁর ছয়টি আসনে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ২৭ জন এবং স্বতন্ত্র ৫ জন প্রার্থী রয়েছেন।
নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও এক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে বিএনপি, জামায়াত ও এবি পার্টির প্রার্থী রয়েছেন।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিভিন্ন দলের ছয়জন এবং দুই স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, সিপিবি ও এক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি, জামায়াত, সিপিবি, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি এবং এক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
জেলার ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন, নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন।


