অনলাইন ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা যদি সংসদে যেতে পারেন, তবে ইনশাআল্লাহ বাংলাদেশ স্বর্ণের দেশে পরিণত হবে। যারা ইসলামের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, তারা দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি লাভ করবেন।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার হোমনা উপজেলা বাসস্ট্যান্ড বালুর মাঠে কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর কুমিল্লা-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ইসলামের পক্ষে এই ভালো মানুষটিকে যদি আপনারা ভোট দিতে পারেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই—আল্লাহ আপনাদের মুখে হাসি ফোটাবেন। এতে কোনো সন্দেহ নেই।
তিনি আরও বলেন, ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব ছাড়া দেশ থেকে দুর্নীতি, অন্যায় ও অবিচার দূর করা সম্ভব নয়। তাই আগামী সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পশ্চিম জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলনের হোমনা উপজেলা সভাপতি মাওলানা আরিফুল ইসলাম এবং তিতাস উপজেলা সভাপতি ডা. আব্দুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


