সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ, ২৩ জানুয়ারি – ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, কিছু স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তবে সেই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। নীতিগত পার্থক্যের কারণে ১১ দলীয় জোট থেকে তারা বেরিয়ে এসেছে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করিম বলেন, “ক্ষমতায় গেলেও ওই দলগুলো দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই তাদের সঙ্গে একমত থাকতে পারেনি। যারা ইসলামের নামে ব্যক্তিগত বা দলীয় স্বার্থ হাসিল করতে চায়, দেশবাসী তাদের চিনে ফেলেছে।”
তিনি আরও বলেন, “শরিয়াহ শাসন ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।”
মুফতি রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটের ওপর নির্ভর না করে নিজেদের শক্তিতেই রাজনীতির মাঠে এগিয়ে যাবে। দলটি জনগণের সমর্থন নিয়ে সব সময় সক্রিয় থাকবে।
তিনি আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
পথসভা অনুষ্ঠানে সোনারগাঁ থানা ইসলামী আন্দোলনের সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দীন ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা। সভা শেষে পীর সাহেব চরমোনাই দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।


