অনলাইন ডেস্ক

চট্টগ্রাম, ২৭ ডিসেম্বর – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে বিএনপি চূড়ান্ত মনোনয়ন দিয়েছে প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে। শনিবার (২৭ ডিসেম্বর) দলের পক্ষ থেকে এই আসনে চূড়ান্ত মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।
এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান।
সাঈদ আল নোমান বর্তমানে জাতীয়তাবাদী পাটশ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে বিএনপি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছিল। ফাঁকা ছিল চট্টগ্রাম-১১ ও চট্টগ্রাম-১৪ আসন। আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেয়ার পর এখন কেবল চট্টগ্রাম-১৪ আসন ফাঁকা রয়েছে। চট্টগ্রাম-১১ আসনের জন্য আমীর খসরুর ছেলে ইসরাফিল খসরু চৌধুরীও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রামে প্রার্থী ঘোষণার পর বেশ কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন, মশাল মিছিল ও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। এর মধ্যে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি পূর্বে উত্তর জেলা সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দিনকে মনোনয়ন দিয়েছিল। এবার দল আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।
চট্টগ্রামের ১৫টি উপজেলা ও ৩৪টি থানা নিয়ে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। নগরে ৪টি, উত্তরে ৭টি এবং দক্ষিণে ৫টি আসন। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। প্রার্থী হওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। শুক্রবার পর্যন্ত চট্টগ্রামে মোট ১৫০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান বলেন, “আমীর খসরু মাহমুদ চৌধুরীর আসন পরিবর্তন করা হয়েছে। তার আগের আসনে সাঈদ আল নোমানকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে।”


