গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) চলমান বিভিন্ন সমস্যা ও চার দফা দাবির বাস্তবায়নের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা আজ প্রতীকীভাবে ‘মুলা’ ঝুলিয়ে অভিনব প্রতিবাদ করেছেন।
আজ বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য দফতরের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা মুলা ঝুলিয়ে দেন। তাদের দাবির মধ্যে রয়েছে বাজেট বরাদ্দ বৃদ্ধিতে ব্যর্থতা, ক্যাম্পাস নিরাপত্তায় পুলিশ বক্স স্থাপনে ব্যর্থতা, শিক্ষক সংকট নিরসনে নতুন শিক্ষক নিয়োগে ব্যর্থতা, বিচারহীনতার সংস্কৃতি, এবং আইডি কার্ডের জন্য অতিরিক্ত টাকা আদায়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গোবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব বলেন, “দীর্ঘদিন ধরে প্রশাসন শিক্ষার্থীদের বিভিন্ন আশ্বাস দিয়ে আসছে, কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। আমরা ক্লান্ত, তাই প্রতীকীভাবে সেই মুলাই প্রশাসনের সামনে ফেরত দিলাম। আশা করি, এতে তাদের টনক নড়বে।”
উপস্থিত ছিলেন দাওয়াহ সম্পাদক মো. সোহেল রানা, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল আলম অলি, কার্যনির্বাহী সদস্য মো. ইব্রাহিম প্রমুখ।
প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিছু দাবি থেকেই এই প্রতিবাদ হয়েছে। বাজেট বাড়ানোর বিষয়টি সরাসরি আমাদের এখান থেকে নির্ধারিত হয় না, তবে চলতি অর্থবছরে বাজেট আগের তুলনায় কয়েক কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ইউজিসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ক্যাম্পাস নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে এবং আইডি কার্ড খরচ কমানোর জন্য আমাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে।”
শিক্ষার্থীদের দাবি এবং প্রশাসনের প্রতিক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনের চলমান সমস্যাগুলো সমাধানে সচেষ্ট থাকার বার্তা পাওয়া যাচ্ছে।


