অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।
সভা শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যসূচি, সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেখানে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে এবং অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
প্রয়োজনে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চলতি অধিবেশনের জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৮টি এবং অন্যান্য মন্ত্রীর উদ্দেশ্যে ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে।
এ ছাড়া বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ জমা পড়েছে ২৭টি এবং বিধি–১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ জমা পড়েছে ৯৭টি।


