অনলাইন ডেস্ক

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৬৭ জন রোগী।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে জানানো হয়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১১ জন। বাকিরা ঢাকার বাইরের বিভিন্ন জেলায় চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ কিছুটা কমলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক। সংস্থাটি মশা নিধন কার্যক্রম জোরদার এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জ্বর হলে দ্রুত পরীক্ষা করার পরামর্শ দিয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবহাওয়ার পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ণ এবং পানি জমে থাকার মতো কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। তাই জনসচেতনতা ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন তারা।


