অনলাইন ডেস্ক

সুদানের উত্তরে নীলনদে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২১ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় রিভার নাইল স্টেট সরকারের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাটি বুধবার সন্ধ্যায় খার্তুমের উত্তরে নদী পারাপারের সময় ঘটে। নৌকাটিতে তখন প্রায় ৩০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা নদী থেকে ২১টি মরদেহ উদ্ধার করেছেন।
রিভার নাইল স্টেট সরকারের মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনও চলমান এবং নদীর তীরে আরও নিখোঁজদের খোঁজ চলছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয় কর্তৃপক্ষ অতিরিক্ত যাত্রী বোঝাই এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না থাকার বিষয়টি তদন্ত করছে।
এ নিয়ে সুদানের বিভিন্ন দফতর এবং স্থানীয় কমিউনিটি দ্রুত সহায়তার জন্য কাজ শুরু করেছে।


