অনলাইন ডেস্ক

সারা দেশে ক্রমেই বাড়ছে শীতের প্রভাব। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও স্পষ্টভাবে অনুভূত হলেও রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতেও তাপমাত্রা কমতে শুরু করেছে।
শনিবার (২২ নভেম্বর) ভোর থেকে ঢাকায় শীতল অনুভূতি বাড়তে থাকে। সকালে আকাশ ছিল হালকা মেঘাচ্ছন্ন এবং বাতাসে ছিল শীতের ছোঁয়া। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েক দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
আবহাওয়াবিদরা বলছেন, উত্তর দিক থেকে আসা হালকা ঠান্ডা বাতাসের প্রভাবে সারাদেশেই তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শীতের অনুভূতি আরও বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
শীতের এই আগমনী বার্তায় রাজধানীর দৈনন্দিন জীবনেও পরিবর্তন দেখা গেছে। সকালবেলা বাইরে বের হওয়া অনেকেই হালকা শীতবস্ত্র ব্যবহার শুরু করেছেন। বিশেষ করে শিশু ও বয়স্করা শীত অনুভব করছেন বেশি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন রাত ও ভোরে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। পাশাপাশি কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়তে পারে।


