নিজস্ব প্রতিবেদক

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য ঘনমিটার প্রতি ১৩.২৫ পয়সা বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম হবে প্রতি ঘনমিটার ২৯ টাকা ২৫ পয়সা, যা আগে ছিল ১৬ টাকা।
রবিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন দর ঘোষণা করেন। তিনি জানান, গ্যাস আমদানি ব্যয়, আন্তর্জাতিক বাজারের মূল্য পরিবর্তন এবং সার উৎপাদনে ব্যয় সমন্বয় করতেই এ দাম সংশোধন করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে সার কারখানায় ব্যবহৃত গ্যাসের এ নতুন দর কার্যকর হবে। নতুন এ মূল্য সমন্বয় সার উৎপাদন খরচে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।
সংস্থাটি আরও জানায়, প্রয়োজনীয় অবকাঠামো রক্ষণাবেক্ষণ, সরবরাহ স্থিতিশীল রাখা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই গ্যাসের দাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


