শনিবার, মে ২, ২০২৬

রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না : প্রধানমন্ত্রী

পাঠক প্রিয়

বিশেষ প্রতিবেদক

রমজানে অসাধু উপায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পবিত্র এই মাস সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস—এ সময় মানুষের কষ্ট বাড়িয়ে মুনাফা করার প্রবণতা থেকে সবাইকে বিরত থাকতে হবে। একইসঙ্গে পরিকল্পিত ও সুসংগঠিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু ও আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেশের শীর্ষ আলেম, পীর-মাশায়েখ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, “রমজান রহমত, বরকত ও সংযমের মাস। কিন্তু দুঃখজনকভাবে দেখা যায়, এই মাস এলেই কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেন। ফলে সাধারণ মানুষ কষ্টে পড়ে। যারা এ ধরনের কাজ করছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ—মানুষের দুর্ভোগ বাড়াবেন না।”

তিনি আরও বলেন, ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম হলো জাকাত। দেশে প্রতিবছর বিপুল পরিমাণ জাকাত দেওয়া হলেও তা পরিকল্পিতভাবে বণ্টন না হওয়ায় দারিদ্র্য বিমোচনে এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগছে না। বিভিন্ন গবেষণার তথ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে প্রতিবছর জাকাতের পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার বেশি হতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, “ইসলামের বিধান অনুযায়ী জাকাত এমনভাবে বণ্টন করা উচিত যাতে একজন ব্যক্তি একবার জাকাত পাওয়ার পর পরের বছর আর জাকাত গ্রহণ করতে না হয়। পরিকল্পিতভাবে জাকাত বণ্টন করা গেলে এটি দারিদ্র্য দূরীকরণে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই সরকার জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার পরিকল্পনা নিয়েছে।”

ইফতার মাহফিলে এতিম শিশুদের বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসলামে এতিমের হক আদায়ের ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে। তাই এতিমদের সম্মান জানাতেই এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “আজকের এই ইফতার মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি হলো এই ইয়াতিম সন্তানেরা।”

নারী দিবসে সমতা ও ক্ষমতায়নের অঙ্গীকার

‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করবে এবং সম্মান, মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে সমাজ ও রাষ্ট্রে কাজ করবে।”

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের মূলধারায় সম্পৃক্ত করা অপরিহার্য। তিনি স্মরণ করেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৭৮ সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার আমলে ১৯৯৪ সালে এটি ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এ রূপান্তরিত হয়।

তিনি আরও জানান, বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়াতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। পাশাপাশি নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা ও আধুনিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নারীর নিরাপত্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাইবার বুলিং ও অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। তিনি বলেন, “আমাদের সমাজে সমতা হোক অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা এবং ক্ষমতায়ন হোক উন্নয়নের ভিত্তি।”

ছুটির দিনেও প্রধানমন্ত্রীর ব্যস্ততা

সরকারি ছুটির দিনেও দাপ্তরিক কার্যক্রমে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো এবং কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা তিন শনিবার অফিস করেছেন তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও এদিন অফিস করেছেন।

এ ছাড়া পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিষয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তারের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের বিভিন্ন নীতি ও উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই ছুটির দিনেও প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ