নিজস্ব প্রতিবেদক

ঢাকা: এবার মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে যাওয়ার প্রয়োজন নেই। আজ মঙ্গলবার থেকে যেকোনো স্থান থেকে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই কার্ডে টাকা রিচার্জ করা যাবে।
আজ দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, রিচার্জ প্রক্রিয়া সহজ, নিরাপদ ও দ্রুত হবে। ব্যবহারকারীরা এখন বাসা বা অফিস থেকে অনলাইনের মাধ্যমে যেকোনো সময় তাদের র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে টাকা রিচার্জ করতে পারবেন। ডিটিসিএ আশা করছে, এই উদ্যোগ যাত্রীদের সময় বাঁচাবে এবং মেট্রোরেল ব্যবহারে আরও সুবিধা যোগ করবে।


