অনলাই
ন ডেস্ক : রাজধানীর বংশালে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে বংশাল সিক্কাটুলি মাজার গলির একটি বাড়ির নিচতলায় অবস্থিত ছোট একটি জুতার কারখানায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন বলে জানা যায়।
দগ্ধরা জানান, রাতে জুতার কাজ করার সময় কারখানার ভেতরে হঠাৎ আগুন ধরে যায়। এসময় তারা ৪ জন দগ্ধ হন। তবে নিজেরাই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। পরবর্তী সময়ে স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।
কর্মীদের ধারণা, জুতার আঠার গ্যাসের মাঝে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।
বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, দগ্ধ তিনজনের মধ্যে আমির উদ্দিনের শরীরের ৭ শতাংশ, আইন উদ্দিনের ২০ ও রুমানের ৪৫ শতাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কারখানার ভেতরে থাকা কাঁচামালের কিছু অংশ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বাড়িটির মালিক ও কারখানার মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


