রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণকে সময়ের দাবি উল্লেখ করে ভারতের নির্মিত ফারাক্কা বাঁধের কারণে সৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতে এ প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে শহরের এক কনভেনশন সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান अतির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মনির হায়দার বলেন, “ফারাক্কা বাঁধ বছরের পর বছর ধরে বাংলাদেশের নদীভাঙন, পানিসঙ্কট ও পরিবেশগত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণ করতে পারলে আমরা শুধু পানি সংরক্ষণই নয়, নদীশাসন, সেচব্যবস্থা ও নৌপরিবহনেও ব্যাপক উন্নতি করতে পারবো।”
তিনি আরও জানান, পদ্মা ব্যারেজ নির্মাণ হলে উত্তর-পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষি, জনজীবন এবং পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে।
সেমিনারে বক্তারা পদ্মা ব্যারেজের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। তারা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং দীর্ঘদিনের পানি সংকট সমস্যার সমাধান সম্ভব হবে।
সেমিনারে সরকারি কর্মকর্তা, গবেষক, নদী ও পরিবেশ বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


