অনলাইন ডেস্ক

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উন্নয়ন কোম্পানি ওজিডিসিএল (OGDCL) খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন তেল ও গ্যাসের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে। এই আবিষ্কার দেশটির ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং ব্যয়বহুল আমদানির ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
পাকিস্তান স্টক এক্সচেঞ্জে পাঠানো এক নোটিশে ওজিডিসিএল জানায়, কোহাট জেলার ‘বারাগজাই এক্স-০১’ নামের অনুসন্ধানী কূপ থেকে প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৮১ লাখ ৫০ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু হয়েছে। এর আগেও এই এলাকায় আরও দুটি কূপ থেকে তেল ও গ্যাস উত্তোলন করে আসছিল কোম্পানিটি।
ওজিডিসিএলের এক বিবৃতিতে বলা হয়, নতুন এই আবিষ্কার দেশীয় সম্পদের মাধ্যমে জ্বালানি সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতে সহায়তা করবে এবং পাকিস্তানের হাইড্রোকার্বন রিজার্ভ বেসকে আরও শক্তিশালী করবে। নতুন মজুদের আবিষ্কারের পর থেকে বারাগজাই ক্ষেত্র থেকে দৈনিক মোট আনুমানিক ৯ হাজার ৪৮০ ব্যারেল তেল উত্তোলন করা হচ্ছে, যা পাকিস্তানের মোট অভ্যন্তরীণ অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ।
বর্তমানে পাকিস্তান প্রতিদিন গড়ে প্রায় ৬৬ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে থাকে। অর্থনৈতিক চাপে থাকা দেশটি অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বাড়ানো এবং ব্যয়বহুল আমদানির ওপর নির্ভরতা কমাতে নানামুখী উদ্যোগ নিচ্ছে।
প্রসঙ্গত, গত বছর পাকিস্তান সরকার তিনটি অফশোর এবং দুটি অনশোর তেল ও গ্যাস ক্ষেত্রের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে মোট পাঁচটি অনুসন্ধান চুক্তি স্বাক্ষর করে। নতুন এই আবিষ্কার সেই কৌশলেরই একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ


