অনলাইন ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।
সংলাপের উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ইসির একমাত্র লক্ষ্য একটি ক্রেডিবল ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এজন্য অতীতের ভুল–ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন আরও এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, “একটি ভালো নির্বাচন আয়োজন করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। সেই নির্বাচন সফল করতে রাজনৈতিক দল, পর্যবেক্ষক, প্রশাসন—সবার সহযোগিতা প্রয়োজন। দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সদস্যরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও জানান, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষা ও অনিয়ম প্রতিরোধে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
দিনব্যাপী এ সংলাপে ভোটার তালিকা, নির্বাচনী আচরণবিধি, ভোটকেন্দ্রে প্রবেশাধিকার, পর্যবেক্ষকদের কার্যক্রমের নীতিমালা, ফলাফল ব্যবস্থাপনা এবং নির্বাচনী পরিবেশসহ বিভিন্ন ইস্যুতে মতামত তুলে ধরার সুযোগ পাচ্ছেন প্রতিনিধিরা।
সংলাপ শেষে একটি সার্বিক সুপারিশ প্রতিবেদন তৈরি করে তা কমিশনের সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।


