অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই প্রার্থীদের আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্ত শিথিল করেছে।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, “আমরা চাই একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। সেই লক্ষ্য থেকেই স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টি শিথিল করেছি।”
সিইসি নাসির উদ্দিন বলেন, এই সিদ্ধান্ত নিয়ে কেউ কেউ সমালোচনা করতে পারেন, তবে নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। “স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বিষয়টি আমরা কীভাবে ছেড়ে দিয়েছি, তা আপনারা দেখেছেন। কারণ আমরা চাই নির্বাচনটি সর্বস্তরের অংশগ্রহণে অনুষ্ঠিত হোক,” বলেন তিনি।
আপিল শুনানির বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, “আমার এবং আমার টিমের পক্ষ থেকে বলতে চাই—আমরা কোনো পক্ষপাতিত্ব করে কোনো জাজমেন্ট দেইনি। অনেক বিচার-বিবেচনা করে এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি।”
আপিল শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত ও ধৈর্যশীল অংশগ্রহণের প্রশংসা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আপনারা যেভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং পুরো প্রক্রিয়ায় ধৈর্য ধরে অংশ নিয়েছেন, তা দেখে আমি অভিভূত। সকাল থেকে রাত পর্যন্ত অনেকে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন।”
তিনি আরও বলেন, “এই সহযোগিতার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।”


