
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের সদস্যরা পুরোনো পোশাক ছেড়ে নতুন ইউনিফর্ম পরতে শুরু করেছেন। বৃহস্পতিবার (গতকাল) থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা নতুন এই পোশাকে দায়িত্ব পালন করছেন। তবে এখনো জেলা পুলিশে নতুন পোশাক পৌঁছায়নি।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ধাপে ধাপে পুরো দেশের পুলিশ সদস্যদের কাছে নতুন ইউনিফর্ম সরবরাহ করা হবে। সব সদস্যের জন্য পোশাক তৈরির কাজ এখনো সম্পূর্ণ না হওয়ায় সীমিত পরিসরে এই কার্যক্রম চালু করা হয়েছে। উৎপাদন সম্পন্ন হওয়ার পর জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটগুলোও পর্যায়ক্রমে নতুন পোশাকে অন্তর্ভুক্ত হবে।
নতুন পোশাকের রঙ ও নকশায় আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। মাঠপর্যায়ে আধুনিকতা, আরাম ও ব্যবহারিক সুবিধাকে বিবেচনায় রেখে এই পরিবর্তন আনা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। কর্মকর্তাদের মতে, নতুন ইউনিফর্ম পুলিশের ‘প্রফেশনাল লুক’ আরও জোরদার করবে এবং জনসেবায় তাদের দৃশ্যমানতা ও গ্রহণযোগ্যতা বাড়াবে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, “ইউনিফর্ম পরিবর্তন একটি বড় প্রক্রিয়া। একবারে সারা দেশের ২ লাখের বেশি সদস্যকে সরবরাহ করা সম্ভব নয়। তাই মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলোকে অগ্রাধিকার দিয়ে দেওয়া হয়েছে, জেলা পর্যায়ে দ্রুতই পৌঁছে যাবে।”
পোশাক পরিবর্তনের ফলে মাঠপর্যায়ের কাজে কোনো বিঘ্ন না ঘটে—সেটি নিশ্চিত করতে সব ইউনিটকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সদস্যদের নতুন ইউনিফর্ম পরার নিয়ম, রক্ষণাবেক্ষণ ও মান বজায় রাখার বিষয়ে আলাদা নির্দেশিকাও পাঠানো হয়েছে।
ধাপে ধাপে আগামী কয়েক মাসের মধ্যেই সারা দেশের সব পুলিশ সদস্য নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।