কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশে এ মুহূর্তে ভোজ্যতেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। তিনি বলেছেন, দেশে অন্তত এক মাসের চাহিদা পূরণের মতো তেলের মজুদ রয়েছে এবং নতুন চালানবাহী জাহাজ ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে।
শনিবার কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে এতে বাংলাদেশে তাৎক্ষণিক কোনো সংকটের আশঙ্কা নেই। সরকারের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আসন্ন ঈদ মৌসুমে মার্কেটগুলোতে অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্যও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। তার ভাষায়, বিশ্ব বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে। তাই বিদ্যুতের অপচয় কমিয়ে সবাইকে হিসেব করে চলতে হবে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে দেশের মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব সঠিকভাবে পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।


