নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খামখেয়ালি বা একতরফা আচরণ নয়—স্পিকারকে অভিভাবক মেনেই ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা এগিয়ে যাবেন। একটি কার্যকর ও দায়িত্বশীল সংসদ গড়ে তোলার লক্ষ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।
শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে প্রকৃত অর্থে একটি কার্যকর সংসদ উপহার দেওয়াই এই কর্মশালার মূল উদ্দেশ্য। নবীন সংসদ সদস্যরা যাতে সংসদীয় কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পান এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে মানসিক চাপ অনুভব না করেন—সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অতীতের সংসদে যে ধরনের খারাপ সংস্কৃতি তৈরি হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে একটি গঠনমূলক ও গণতান্ত্রিক সংসদীয় পরিবেশ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এজন্য সংসদ সদস্যদের আচরণ, বক্তব্য এবং সংসদীয় বিধি-বিধান সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মশালায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি দলটির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। সেখানে সংসদীয় কার্যপ্রণালী, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদে দায়িত্বশীল আচরণ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।


