অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৪, ঢাকা-১৬ ও ঢাকা-১৮ আসনের প্রায় ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর এ তথ্য জানান।
তিনি জানান, ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—সাধারণ, মধ্যম ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল ফুয়াদ মাসরুর বলেন, নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। কেউ মিথ্যা তথ্য বা গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, নির্বাচনী সময়ে যেকোনো নাশকতা বা বিশৃঙ্খলার তথ্য প্রকাশের আগে প্রাথমিক যাচাই করা জরুরি, যাতে ভুল বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে না পড়ে। একই সঙ্গে প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
এ ছাড়া কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান মিরপুর ক্যাম্প কমান্ডার।


