অনলাইন ডেস্ক

ওয়াশিংটন, ১৯ জানুয়ারি — মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে নতুনভাবে বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি শনিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “২০ বছর ধরে ডেনমার্ককে বলা হচ্ছে যে, গ্রিনল্যান্ড থেকে রাশিয়ার হুমকি দূর করতে হবে। দুর্ভাগ্যবশত, ডেনমার্ক এ ব্যাপারে কিছুই করতে পারেনি। এখন সময় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার।”
ট্রাম্প দীর্ঘদিন ধরে জোর দিয়ে বলেছেন, তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিকানা চান। তবে এই দাবির তীব্র বিরোধিতা করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয় দেশের নেতারা। তারা স্পষ্ট করে বলেছেন, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস, ইউরোপীয় ইউনিয়নে ডেনিশ প্রেসিডেন্সি এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি।
এর আগে শনিবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে ব্যর্থ হলে তিনি ইউরোপীয় মিত্রদের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করবেন।
গ্রিনল্যান্ড ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশ দ্বীপটির প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখছে। ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে এবং এটি ডেনমার্ক-আমেরিকা সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে।


