অনলাইন ডেস্ক

ঢাকা, ১৫ ডিসেম্বর: ২০২৪ সালের জুলাই মাসে রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ী আট আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তিতর্ক (আর্গুমেন্ট) শুরু হচ্ছে আজ।
আদালত সূত্রে জানা যায়, আজ সোমবার (১৫ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রথমে প্রসিকিউশন যুক্তি উপস্থাপন করবে। এর পরে উপস্থিত ও পলাতক আসামিদের পক্ষে আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করবেন। শেষে উভয়পক্ষের পাল্টা যুক্তি ও খণ্ডন শেষে মামলাটি রায়ের পর্যায়ে যাবে। চলতি মাসেই উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মামলার চারজন গ্রেপ্তার আসামি হলেন: শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
এর আগে গত ১০ ডিসেম্বর মামলার একজন আসামি, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনের পক্ষে জুয়েল মাহমুদ সাফাই সাক্ষ্য দেন। এছাড়া ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে নিজ পক্ষে সাক্ষ্য দেন আরশাদ হোসেন।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।
আদালত ১৪ জুলাই আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।


