অনলাইন ডেস্ক

বিনোদন জগতের তথ্য ও আনন্দের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’–র এবারের পর্ব ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদে। জেলার কৃষ্টিকথা, ঐতিহাসিক গুরুত্ব, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও জনজীবনের নানামাত্রিক রঙিন অধ্যায় বরাবরের মতোই দর্শকদের সামনে তুলে ধরেছেন অনুষ্ঠানের রূপকার হানিফ সংকেত।
এবারের পর্বের শুরুতেই থাকছে চুয়াডাঙ্গার ইতিহাস ও কৃষ্টিকথা নিয়ে একটি পরিচিতিমূলক গান ও নৃত্য। শাহ আলম সনির কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় নৃত্যটির কোরিওগ্রাফি করেন এস কে জাহিদ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে চুয়াডাঙ্গার সন্তান, খ্যাতিমান লোকসংগীতশিল্পী বিউটি এবং ‘ইত্যাদি’র আবিষ্কার জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই পরিবেশন করেন দুটি বিশেষ গান। গানগুলোর কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, আর সুর ও সংগীতায়োজন করেছেন মেহেদী।
শুটিং উপলক্ষ্যে চুয়াডাঙ্গা শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানস্থলকে কেন্দ্র করে বসে এক জমজমাট মেলা, যেখানে স্থানীয় দোকানিরা নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন। দুপুর থেকেই দর্শকরা দলে দলে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
এবারের ‘ইত্যাদি’তে অংশ নেন জনপ্রিয় ও পরিচিত শিল্পীরা। তাঁদের মধ্যে রয়েছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আশরাফুল আলম সোহাগ, সুর্বণা মজুমদার, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদ, জাহিদ চৌধুরী, সাবরিনা নিসা, নজরুল ইসলামসহ আরও অনেকে।
শুটিং শেষে দর্শকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও আগ্রহ। অনুষ্ঠানটির ধারাবাহিকতা ও মান বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত দর্শকরা।
আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টায়, বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে প্রচারিত হবে চুয়াডাঙ্গায় ধারণ করা ‘ইত্যাদি’র এই বিশেষ পর্ব।


